বিসমিল্লাহির রাহমানির রাহীম। আল্-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম (হাটহাজারী মাদ্রাসা) দেশের সর্বপ্রাচীন ও সর্ববৃহৎ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আক্বীদা-বিশ্বাসে অটল থেকে দ্বীনি শিক্ষা বিস্তার, দ্বীনের হিফাযত ও প্রচার-প্রসার, শিরক-বিদআত, বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কর্মকান্ডের মূলোৎপাটন এবং আদর্শ নাগরিক তৈরীর দৃঢ় প্রত্যয় নিয়ে ১৯০১ইং সালে গড়ে উঠা এ জামিয়া নানা ঘাত-প্রতিঘাত পেরিয়ে বর্তমানে ১১৩ বৎসর অতিক্রম করে চলছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী তার মহান লক্ষ্য অর্জনে সুখ্যাতি ও কৃতিত্বের স্বাক্ষর রেখে চলছে দেশ-বিদেশে।
জামিয়ার উত্তরোত্তর উন্নতি-অগ্রগতি ও সুনাম অর্জনে বিজ্ঞ শিক্ষকমন্ডলীর অক্লান্ত পরিশ্রম এবং দেশ-বিদেশের দ্বীনদরদী দানশীল ও ইসলাম প্রিয় ভাই-বোনদের সার্বিক সহযোগিতা বিশেষভাবে স্মরণীয়। সর্বোপরি মহান রাব্বুল আলামীনের ফযল ও করমই জামিয়ার চলার পথের প্রধান পাথেয়।