শিক্ষা কার্যক্রম

বিসমিল্লাহির রাহমানির রাহীম। ইলমে নুবুওয়্যাত অর্থাৎ কুরআন, হাদীস, তাফসীর, ফিক্বাহ, তায্‌কিয়াহ প্রভৃতি যাবতীয় ইসলামী জ্ঞানে যাতে শিক্ষার্থীরা পরিপক্কতা লাভ করতে পারে, বিশেষজ্ঞ হিসেবে গড়ে উঠতে পারে এবং ইসলামী সমাজ পরিচালনার ও নেতৃত্ব দেয়ার যোগ্যতা অর্জন করতে পারে তার উপযোগী করে শিক্ষা পদ্ধতি প্রণয়ন করা হয়েছে। দারুল উলূম হাটহাজারী সরকারী-বেসরকারী সকল প্রকার প্রভাব বলয় হতে মুক্ত থেকে স্বাধীনভাবে মুক্তচিন্তার মাধ্যমে স্বকীয় মর্যাদা রক্ষা করে দরসে নিযামীর আওতায় অত্যন্ত সুচারুরূপে শিক্ষাদানের গুরুত্বপূর্ণ খিদমত আঞ্জাম দিয়ে আসছে। আর এ স্বাধীন শিক্ষা ব্যবস্থায় অযাচিত হস্তক্ষেপের আশংকায় কোন সময়ই দারুল উলূম কর্তৃপক্ষ ব্যক্তিবিশেষ বা সরকারের শর্তাধীন কোন সাহায্য গ্রহণে সম্মত হননি। বরং দ্বীনদরদী সাধারণ মুসলিম জনতার ঐচ্ছিক দানে আল্লাহর উপর নির্ভর করে এ যাবৎ দারুল উলূম স্বীয় গৌরব অক্ষুন্ন রেখে সুষ্ঠুভাবে হাজার হাজার জ্ঞান পিপাসু ছাত্রকে শিক্ষাদান করে আসছে। ইসলামী আদর্শ ও শিক্ষানুযায়ী দারুল উলূমের সর্বনিম্ন শ্রেণী থেকে সর্বোচ্চ শ্রেণী পর্যন্ত নামমাত্র ভর্তি ও পরীক্ষা ফি ছাড়াই কোন শিক্ষার্থীর কাছ থেকে কোন প্রকার বেতন গ্রহণ করা হয় না। কিতাবী ইলম শিক্ষাদানের পাশাপাশি আমল ও চরিত্র গঠনের প্রতি ছাত্রদেরকে উৎসাহ দানের নিমিত্তে সপ্তাহে প্রতি সোমবার নিয়মিত শিক্ষা সময়কে সংকুচিত করে যোহরের নামাযের পর সমস্ত শিক্ষার্থীকে সম্মিলিতভাবে উস্তাদগণ বিশেষ ওয়াজ নসীহতের মাধ্যমে মানসিক চিন্তার বিকাশ ও চারিত্রিক উৎকর্ষতা অর্জনের গুরুত্ব দিয়ে থাকেন। প্রতিষ্ঠালগ্ন থেকে আজ পর্যন্ত এ ধারা অব্যাহত রয়েছে।